প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2025 ইং
ভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন

আগামী ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে গতকাল বুধবার নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধের আনুষ্ঠানিকতা শেষ হলো।
গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গতকাল ইসির সিনিয়র সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
এর আগে বিভিন্ন ধরনের ‘চ্যালেঞ্জ’ থাকলেও আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে নিজেদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনী সামগ্রী কেনাকাটার মতো বড় কাজগুলো আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চায় ইসি। এসব কাজের অনেকগুলো ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে।
নির্বাচন আয়োজনে যে খরচ, তা বরাদ্দ দিয়ে থাকে সরকার। নির্বাচনের বাজেট নিয়ে গতকাল এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য যে অর্থ লাগবে, তা দেওয়া হবে। এ নিয়ে কোনো সমস্যা নেই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান